ট্রুং মাই লানের উত্থান ও পতন: ভিয়েতনামের অন্যতম বিতর্কিত অর্থনৈতিক কেলেঙ্কারির গল্প থেকে কি বাংলাদেশ শিক্ষা নিয়ে মডেল স্থাপন করবে?
ট্রুং মাই লানের উত্থান ও পতন: ভিয়েতনামের অন্যতম বিতর্কিত অর্থনৈতিক কেলেঙ্কারির গল্প থেকে কি বাংলাদেশ শিক্ষা নিয়ে মডেল স্থাপন করবে?
ভিয়েতনামের অর্থনৈতিক ইতিহাসে ট্রুং মাই লানের নামটি একদিকে সফল উদ্যোক্তার প্রতীক, আবার অন্যদিকে আর্থিক কেলেঙ্কারির প্রতিচ্ছবি। প্রসাধনী বিক্রেতা থেকে দেশের অন্যতম শীর্ষ ধনী হওয়া এবং পরে অর্থ আত্মসাতের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়া পর্যন্ত তার গল্প অনেকটা সিনেমার কাহিনীকেও হার মানায়।
উত্থানের গল্পঃ
একজন চীনা-ভিয়েতনামি পরিবারে জন্ম নেয়া ট্রুং মাই লান প্রথম জীবনে মায়ের সঙ্গে হো চি মিন শহরের প্রাচীন মার্কেটে প্রসাধনী বিক্রি করতেন। ১৯৮৬ সালে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিলে, তিনি ভূমি ও সম্পত্তি কেনাবেচায় মনোনিবেশ করেন। নব্বইয়ের দশকের মধ্যে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
১৯৯২ সালে ট্রুং হংকংয়ের বিনিয়োগকারী এরিক চুয়ের সঙ্গে বিয়ে করেন এবং একই বছর প্রতিষ্ঠা করেন আবাসন কোম্পানি "ভ্যান থিন ফ্যাথ হোল্ডিংস"। ২০১১ সালে তিনি হয়ে ওঠেন হো চি মিন সিটির অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। এ বছর তিনি সায়গন কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে দুটি আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়ায় যুক্ত হন।
অর্থনৈতিক কেলেঙ্কারিঃ
ট্রুং মাই লানের উত্থানের গল্প যতটা বিস্ময়কর, তার অর্থ আত্মসাতের ঘটনা ততটাই চাঞ্চল্যকর। ২০১১ সাল থেকে ১১ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন বেনামি কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে ৪৪ বিলিয়ন ডলার আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ১২ বিলিয়ন ডলার আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
তিনি ব্যাংকের সর্বোচ্চ ৫ শতাংশ শেয়ারের আইনি সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে বেনামি কোম্পানির মাধ্যমে ৯০ শতাংশের বেশি শেয়ারের নিয়ন্ত্রণ নেন। আর্থিক খাতকে ধসিয়ে দেওয়া এই প্রতারণার মাধ্যমে তিনি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সায়গন কমার্শিয়াল ব্যাংকের ওপর।
গ্রেফতার ও বিচারঃ
২০২২ সালের অক্টোবরে ভিয়েতনামের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তার বাসার বেসমেন্ট থেকে ৪ বিলিয়ন ডলার উদ্ধার করা হয়। এই অর্থের উৎস ও লেনদেনের পদ্ধতি নিয়ে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
হো চি মিন সিটির পিপলস কোর্টে ৮৫ জন বিবাদী, ২৭০০ জন সাক্ষী, ১০ জন সরকারি আইন কর্মকর্তা এবং ২০০ জন আইনজীবীর অংশগ্রহণে একটি বিশাল বিচার কার্যক্রম পরিচালিত হয়। প্রমাণ হিসেবে ১০৪টি বাক্সে সংরক্ষিত নথিপত্রের ওজন ছিল প্রায় ৬ টন।
রায় ও শাস্তিঃ
বিচারে ট্রুং মাই লান এবং তার সহযোগীদের দোষী সাব্যস্ত করা হয়। ট্রুং মাই লানকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা ভিয়েতনামের কঠোর অর্থনৈতিক অপরাধবিরোধী আইনের প্রতিফলন। তার স্বামীকে ৯ বছরের কারাদণ্ড এবং তার ভাতিজিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়াও, ২০২৪ সালের ৩ ডিসেম্বর, তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়। তবে ভিয়েতনামের আইন অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের তিন-চতুর্থাংশ ফেরত দিলে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে।
বাংলাদেশের জন্য শিক্ষণীয় দিকঃ
বাংলাদেশের ব্যাংক খাতেও ভিয়েতনামের মতো অর্থ আত্মসাতের নানা ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল আইন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাংলাদেশে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটে চলেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন,
“যদি দুর্নীতির বিরুদ্ধে ভিয়েতনামের মতো কঠোর পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।”
বাংলাদেশের মানি লন্ডারিং আইনের সীমাবদ্ধতা এবং ব্যাংক লোপাটের ঘটনায় অপর্যাপ্ত শাস্তির বিধান বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম বলেন, "ব্যাংকের অর্থ আত্মসাত করলে সর্বোচ্চ ৭ বছরের সাজা রয়েছে, অথচ ভিয়েতনামের মতো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান নেই।"
শিক্ষণীয় দিকঃ
১. কঠোর শাস্তির প্রয়োজন: ট্রুং মাই লানের কাহিনী থেকে স্পষ্ট, অর্থ আত্মসাতের জন্য কঠোর শাস্তি অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। বাংলাদেশেও এই দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা উচিত।
২. প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূরীকরণ: বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় স্পষ্টতা এবং দায়বদ্ধতার অভাব রয়েছে। ব্যাংক থেকে অর্থ লোপাট বা শেয়ার কেনার নামে প্রতারণা ঠেকাতে আরও শক্তিশালী আইনী কাঠামো প্রয়োজন।
৩. আন্তর্জাতিক নজরদারি: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।
ট্রুং মাই লানের জীবন গল্প শুধু ভিয়েতনামের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। প্রসাধনী বিক্রেতা থেকে ধনী ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনী যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনই অর্থ আত্মসাতের জন্য মৃত্যুদণ্ড পাওয়া ঘটনা সতর্কবার্তা। অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর জন্য এর থেকে শিক্ষা নেয়া গুরুত্বপূর্ণ।
ট্রুং মাই লানের মতো ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, সেজন্য প্রয়োজন কার্যকর আইন, কঠোর শাস্তি এবং স্বচ্ছ তদন্ত ব্যবস্থা। এ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অপরাধ দমনে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

Comments
Post a Comment