২০২৪ ভোটের অধিকার আদায়ে পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিবের
২০২৪ ভোটের অধিকার আদায়ে পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামার আহ্বান বিএনপি মহাসচিবের
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের পাঁচই অগাস্টের মতো আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কী সত্যি সত্যি পরিবর্তন চান? নাকি আবারও সেই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান?” উপস্থিত নেতাকর্মীরা 'না' সূচক জবাব দিলে তিনি বলেন, “ওই যে পাঁচই অগাস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য।”
তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, “গত ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট করেছি। তাই আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো শান্তিতে থাকা এবং একটি সুষ্ঠু নির্বাচন করা। সে নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমাদের দুর্ভাগ্য যে আমরা এত বছরেও এমন একটি ব্যবস্থা করতে পারিনি যেখানে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সূত্র: ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪

Comments
Post a Comment